ভূমিপুত্ররাই করবে দেশের শাসন : হাসনাত আব্দুল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী জোটের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে শনিবার (২৪ জানুয়ারি) জমকালো নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান বক্তা এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই দেশের ভূমিপুত্ররাই দেশের শাসন করবে। যেসব প্রবাসী বা বিদেশির দেশ ও মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের নীতি নির্ধারণে জায়গা দেওয়া হবে না।”

হাসনাত আরও বলেন, দেশে হুমকি-ধমকি ও কেন্দ্র দখলের চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, তরুণ প্রজন্ম কোনো ভয় পায়নি এবং তাদেরক পুনরায় শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করতে চাইলেও কেউ সফল হবে না। সমাবেশে তিনি উপস্থিতদের ভোটকেন্দ্রে গিয়ে ফজর নামাজ পড়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেন, নতুন করে ফ্যামিলি ও কৃষি কার্ড দেখানো হচ্ছে। তিনি জনতাকে সতর্ক করে বলেন, যারা এমন কার্ড দেখাচ্ছেন তাদেরকে “লাল কার্ড” দেখাতে হবে।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমির মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সকাল থেকেই বাউফল পৌর সদরের বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও ফেস্টুনসহ হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেন। বিকেল সাড়ে ৪টা নাগাদ পাবলিক মাঠ ও আশপাশ জনসমাগমে ভরে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *