বিডা-বেজা-বেপজা কর্মকর্তাদের জন্য চীনা ভাষা প্রশিক্ষণ শুরু

বিডা, বেজা ও বেপজা কর্মকর্তাদের জন্য ১৫ সপ্তাহের চীনা ভাষা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬শে জানুয়ারী) বিকেলে বিডা কনফারেন্স রুমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

প্রশিক্ষণ আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট।

বিকেল সাড়ে তিনটায় বিডা কনফারেন্স কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডা’র নির্বাহী সদস্য মোহম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক মো. মারুফুল আলম। উদ্বোধনীতে বাংলাদেশ ও চীনের সহযোগিতার অগ্রগতি নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

বক্তৃতায় কনফুসিয়াস ইনস্টিটিউটের লোকাল ডিরেক্টর অধ্যাপক বুলবুল আশরাফ সিদ্দিকী বলেন, চীনা ভাষা ও সংস্কৃতি জানলে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং দ্বিপক্ষীয় বিনিয়োগ সহযোগিতা বাড়বে।

চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং বলেন, দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে ভাষা শিক্ষা আরও গভীর করবে এবং ভবিষ্যৎ সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি করবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুর রব খান বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে দেশে চীনা ভাষা শিক্ষা চালিয়ে যাচ্ছে। সরকারি কর্মকর্তাদের এই প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নে বাস্তব ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে বিডা’র নির্বাহী সদস্য মোহম্মদ হুমায়ুন কবির জানান, চীনের সাথে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে চীনা ভাষায় মৌলিক দক্ষতা অর্জন বিনিয়োগ সেবা প্রদানে নতুন মাত্রা আনবে।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের তৃতীয় সচিব শিয়া দাওজিং, কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওইয়ান, শিক্ষক হুয়াং সিনরান ও লি ইউয়ানশি উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর সন্ধ্যা ৪টায় বিডা’র প্রশিক্ষণ কক্ষ-১ এ প্রথম দিনের ক্লাস শুরু হয়। এই কোর্সে বিডার ৩০ জন, বেজার ৪ জন ও বেপজার ৪ জনসহ মোট ৩৮ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণটি ১৫ সপ্তাহ চলবে এবং প্রতি রবিবার ও বুধবার বিকেল ৪টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *