বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) দেশে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা বিপণনে বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডকে অথরাইজড পার্টনার ও সেলস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ঢাকায় বিএসসিএলের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তির ফলে বি-ট্র্যাক সল্যুশনস সারাদেশে, বিশেষ করে উদ্যোক্তা ও কর্পোরেট খাতে, স্টারলিংকের পণ্য ও পরিষেবার বিপণন, বিক্রয়, বাস্তবায়ন এবং অপারেশন পরিচালনা করবে।
বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, স্টারলিংকের মতো উন্নত স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তি দেশের দূরবর্তী অঞ্চলসহ অপ্রতুল ইন্টারনেট সুবিধাপ্রাপ্ত এলাকায় দ্রুতগতির সংযোগ দিতে সহায়তা করবে। তাঁর মতে, বি-ট্র্যাক সল্যুশনসের অভিজ্ঞতা এ সেবার গ্রাহকসেবা আরও শক্তিশালী করবে।
বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর সিদ্দিক বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে দেশে স্টারলিংক সেবা সম্প্রসারণের গতি বাড়বে। তিনি জানান, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে আধুনিক সংযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করবে এবং গ্রাহকদের প্রযুক্তিগত সহায়তা ও দ্রুত সেবা দেবে।
স্টারলিংক যুক্তরাষ্ট্রভিত্তিক স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। বাংলাদেশে এটি ২০২৫ সালের ২০ মে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে এবং দ্রুতগতির, কম ল্যাটেন্সির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিচ্ছে।
অনুষ্ঠানে বিএসসিএলের পক্ষে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মো. গোলাম সারোওয়ার ও মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির। অন্যদিকে বি-ট্র্যাক সল্যুশনসের পক্ষে উপস্থিত ছিলেন বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান, গ্রুপ সিএফও ফাহাদ মাহমুদ ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা এম. তানভীর সিদ্দিক এবং প্রকল্প বিভাগের প্রধান সাফায়েত আবদুল্লাহ।