ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে স্বাধীন বিচারব্যবস্থার প্রতি ইইউর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সাক্ষাতে বিচারব্যবস্থার উন্নয়ন, ডিজিটাল সুবিধা ও আদালতের আধুনিকায়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ইইউর পক্ষ থেকে জানানো হয়, বিচার সেবা উন্নয়নে তাদের আর্থিক ও কারিগরি অবদান উল্লেখযোগ্য। এই খাতে ইইউ এ পর্যন্ত ৪৮ মিলিয়ন ইউরোর বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। এ অর্থ ব্যবহার করা হচ্ছে আদালতের মামলার জট কমানো, ডিজিটাল লিগ্যাল এইড ব্যবস্থা গড়ে তোলা ও বিচারপ্রার্থীদের জন্য সহজে সেবা প্রাপ্যতা নিশ্চিত করতে।
সাক্ষাতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় কার্যকর করা এবং কমার্শিয়াল আদালত চালু হলে বিচারব্যবস্থার গতি ও দক্ষতা বাড়বে। ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তি দ্রুত হলে বিনিয়োগ পরিবেশও আরও শক্তিশালী হবে।
ইইউর রাষ্ট্রদূত বলেন, একটি স্বাধীন ও কার্যকর বিচারব্যবস্থা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। আর বিচারপ্রার্থী জনগণের আস্থা বাড়াতে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সময়মতো নিষ্পত্তি জরুরি।
অন্যদিকে প্রধান বিচারপতি দেশের আদালতব্যবস্থা, চলমান ডিজিটাল উদ্যোগ এবং সামনে থাকা চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, ইইউর সহায়তা ভবিষ্যতেও বিচার খাতে উন্নয়নের পথ আরও মসৃণ করবে।
সাক্ষাত শেষে দুপক্ষ বিচার সংস্কার, দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহায়তা নিয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে।