ঘাটাইলে পুড়ে যাওয়া ৭ দোকান মালিকের পাশে আজাদ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের আমিনবাজারে বজ্রপাতের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৭ দোকান মালিকের পাশে দাঁড়িয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।

রবিবার (৫ অক্টোবর) রাতে ইউনিয়নের ফুলবাড়ী এলাকার আমিনবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বজ্রপাতের পরপরই আগুন লেগে মুহূর্তের মধ্যে ৭টি দোকান ও একটি জুট মিলে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যবশত কেউ হতাহত হননি।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেন লুৎফর রহমান খান আজাদ। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই মানবতা। আমি সবসময় আমার এলাকার মানুষের সুখ-দুঃখে আছি।”

স্থানীয়রা সাবেক এই মন্ত্রীর মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনরায় ব্যবসা শুরু করতে বড় সহায়তা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *