চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উপমা দত্তের মরদেহ নিজ গ্রামে সৎকার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের ছাত্রী উপমা দত্তের মরদেহ ৩১ জানুয়ারি তার নিজ বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়ায় পৌঁছানোর পর সৎকার সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় আড়পাড়া শ্মশানে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

এর আগে ভোর ৫টার দিকে একটি সরকারি অ্যাম্বুলেন্সে করে উপমা দত্তের মরদেহ আড়পাড়ায় পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নিজের কক্ষে একা অবস্থানকালে উপমা দত্তের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি কক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, ব্যক্তিগত বা মানসিক কোনো জটিলতা এর পেছনে থাকতে পারে। আবার অনেকে বলছেন, মৃত্যুর ঘটনায় আরও কিছু রহস্য থাকতে পারে। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি।

উপমা দত্ত মাগুরা সদর উপজেলার সর্বসাংদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সন্দীপ কুমার দত্তের একমাত্র মেয়ে। প্রতিবেশীরা জানান, উপমা খুবই মেধাবী ও সাদাসিধা প্রকৃতির ছিল। তারা বলেন, “আমরা জানি সে ভালো মেয়ে ছিল। এমন মৃত্যু আমরা কল্পনাও করতে পারিনি।”

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলছে বলে জানা গেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *