টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তান

আসন্ন আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে ভারতের ম্যাচ ছাড়া টুর্নামেন্টের বাকি সব ম্যাচে অংশ নেবে পাকিস্তান দল।

পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে  ১লা ফেব্রুয়ারি (রবিবার) বাংলাদেশ সময় রাত ৮টা ২৭ মিনিটে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, পাকিস্তান জাতীয় দল ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে ম্যাচে তারা মাঠে নামবে না।

এর আগে বাংলাদেশ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সিদ্ধান্তের প্রতিবাদে পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তান—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই গুঞ্জন আরও জোরালো হয়, যখন শেষ মুহূর্তে বিশ্বকাপের অফিশিয়াল জার্সি (কিট) উন্মোচনের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আগেই জানিয়েছিলেন, ৩০ জানুয়ারি অথবা ২ ফেব্রুয়ারির মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে তিনি গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকও করেন।

বাংলাদেশ ইস্যুতে পুরো ঘটনাপ্রবাহ শুরু হয় আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভেন্যু পরিবর্তন অথবা গ্রুপ পরিবর্তনের আবেদন জানায় বিসিবি।

তবে আইসিসি জানায়, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য উল্লেখযোগ্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। পরে ভেন্যু পরিবর্তনের প্রস্তাবটি আইসিসির বোর্ডসভায় ভোটাভুটিতে তোলা হলে পাকিস্তান ছাড়া আর কোনো সদস্য দেশ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি।

এরপর ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় বিসিবি। এর পরপরই আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।

এই সিদ্ধান্তের প্রতিবাদেই পাকিস্তান বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনায় নেয়। শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট নয়, কেবল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্তে আসে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *