দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) উন্নয়নে একযোগে কাজ করবে ব্র্যাক ও এসএমই ফাউন্ডেশন। সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এসএমই ফাউন্ডেশনের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার এবং ব্র্যাকের পক্ষে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. আব্দুস সালাম সরদার এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহযোগী পরিচালক অমিত কান্তি সরকার।
চুক্তির আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডেটাবেজ তৈরি, তাদের আর্থিক অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়ন, নারী উদ্যোক্তা উন্নয়ন, পণ্যের বাজার সংযোগ, এসএমই ক্লাস্টার উন্নয়ন, কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা হবে।
উভয় প্রতিষ্ঠান আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা আরও টেকসইভাবে ব্যবসা পরিচালনায় সক্ষম হবে এবং দেশের অর্থনীতিতে তাদের অবদান আরও বাড়বে।