শ্রম অভিবাসনের ক্ষেত্রে প্রেরণকারী ও গ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, অভিবাসীদের নৈতিক নিয়োগ, মর্যাদাপূর্ণ কাজ নিশ্চিত করা এবং মানবিক মর্যাদা রক্ষা করতে হলে সবার যৌথ প্রতিশ্রুতি জরুরি।
আবুধাবী ডায়ালগ ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকালে সংলাপের দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় ড. আসিফ নজরুল বলেন, আবুধাবী ডায়ালগ নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক শ্রম অভিবাসন নিশ্চিত করার জন্য একটি বিশ্বস্ত ও কার্যকর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ। প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির পাশাপাশি গন্তব্য দেশগুলোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে এখনো অনেক কর্মী শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, যা প্রেরণকারী ও গ্রহণকারী উভয় দেশের সম্মিলিত উদ্যোগেই সমাধান করা সম্ভব।
ড. আসিফ নজরুল সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শতভাগ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু, প্রি-ডিপার্চার সহায়তা জোরদার, ওভারসিজ ওয়েলফেয়ার সার্ভিস সম্প্রসারণ, আন্তর্জাতিক মানের দক্ষতা প্রশিক্ষণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ।
সংলাপের ফাঁকে তিনি সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রী ড. আব্দুর রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশি প্রবাসীকে সাধারণ ক্ষমা দেওয়ায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানান তিনি।
বৈঠকে বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণ নিয়েও দীর্ঘ আলোচনা হয়। উপদেষ্টা বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসা সীমিতকরণ নীতির কারণে বাংলাদেশ থেকে শ্রমিক প্রবাহ কমে গেছে এবং প্রবাসীরা নানা ভিসাজনিত সমস্যার মুখে পড়েছেন। সব ধরনের ভিসা জটিলতা নিরসনে তিনি আমিরাত সরকারের সহযোগিতা কামনা করেন।
এর আগে গতকাল তিনি পাকিস্তানের ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসেন এবং ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্সের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, নৈতিক নিয়োগ এবং অভিবাসী কল্যাণে অভিজ্ঞতা বিনিময় ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল দুবাই ফেস্টিভ্যাল সিটিতে আবুধাবী ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভা উদ্বোধন করা হয়। এতে ১৭টি সদস্য দেশের প্রতিনিধি, সিনিয়র কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এবারের আসরে প্রথমবারের মতো ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) লেবার সেন্টারের প্রতিনিধিরাও যুক্ত হয়েছেন।