টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) এর স্বাক্ষরিত এক অফিস আদেশে গতকাল তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।
রেলওয়ে সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ‘ঞ’ বগিতে দায়িত্ব পালন করছিলেন স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মো. মোস্তাফিজুর রহমান লিমন। অভিযোগ রয়েছে, তারা টাকার বিনিময়ে কয়েকজন টিকিটবিহীন যাত্রীকে ট্রেনে ভ্রমণের সুযোগ করে দেন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ছড়িয়ে পড়লে রেল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট তিন কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবায় শৃঙ্খলা বজায় রাখতে এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।