শাকিলুজ্জামান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক টাঙ্গাইল সফরের পর এবার আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার টাঙ্গাইলে জনসভায় যোগ দিতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন। পাশাপাশি জাতীয় রাজনীতির পাশাপাশি টাঙ্গাইলসহ মধ্যাঞ্চলের উন্নয়ন নিয়েও তিনি কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত জনসভা ও সমাবেশে ডা. শফিকুর রহমান ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানবিক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। টাঙ্গাইলের সভাতেও তিনি একই ধরনের রূপরেখা তুলে ধরতে পারেন বলে রাজনৈতিক মহলের ধারণা।
পূর্ববর্তী বক্তব্যে জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং দুর্নীতির প্রশ্নে কোনো আপস করা হবে না। তিনি তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকারও করেছেন।
নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও তার বক্তব্যে গুরুত্ব পেয়েছে। তার মতে, নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের মর্যাদা রক্ষা করেই একটি শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্র গড়া সম্ভব। একই সঙ্গে তিনি ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে আসছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টাঙ্গাইলের জনসভায় ডা. শফিকুর রহমান শুধু জাতীয় ইস্যু নয়, বরং স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন নিয়ে নির্দিষ্ট দিকনির্দেশনামূলক বার্তা দিতে পারেন। বিশেষ করে টাঙ্গাইলসহ মধ্যাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে তার বক্তব্য স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে।
সব মিলিয়ে, তারেক রহমানের সফরের পর ডা. শফিকুর রহমানের টাঙ্গাইল আগমন জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন জনসভায় তিনি কী ধরনের প্রতিশ্রুতি দেন এবং জনগণের সামনে কী বার্তা তুলে ধরেন—সেদিকেই এখন টাঙ্গাইলবাসীর দৃষ্টি।