আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে নির্দিষ্ট সময়ের জন্য কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে জরুরি ও বিশেষ প্রয়োজনে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। একইভাবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন, ওষুধ ও স্বাস্থ্যসেবা সামগ্রী বহনকারী যান, সংবাদপত্র পরিবহনকারী যান চলাচল করতে পারবে।
বিমানযাত্রী ও তাদের স্বজনদের যাতায়াতের ক্ষেত্রেও ছাড় থাকবে। টিকিট বা প্রয়োজনীয় প্রমাণ দেখাতে পারলে বিমানবন্দর থেকে যাওয়া-আসার জন্য ব্যবহৃত যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে। দূরপাল্লার যাত্রী বহনকারী যান এবং দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং তার নির্বাচনি এজেন্টের জন্য একটি করে ছোট যানবাহন ব্যবহারের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে নির্ধারিত স্টিকার প্রদর্শন করতে হবে। যথাযথ অনুমতি সাপেক্ষে সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক ও জরুরি কাজে নিয়োজিত মোটরসাইকেলও চলাচল করতে পারবে।
এ ছাড়া টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি ও বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহন চলাচলের অনুমতি থাকবে। জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগরের গুরুত্বপূর্ণ সড়কে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের ব্যবস্থাও নেওয়া যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উল্লিখিত যানবাহনের বাইরে অন্যান্য যানবাহনের ওপরও প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ এসব তথ্য জানানো হয়।