আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা টেকনাফ, সেন্টমার্টিন ও মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শন করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত নৌসদস্যদের নিরাপদ ও সুষ্ঠু ভোট আয়োজনের জন্য বিশেষ দিকনির্দেশনা দেন। এ সময় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
নৌবাহিনী ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এলাকায় কন্টিনজেন্ট মোতায়েন করেছে এবং ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থলপথে টহল ছাড়াও নৌপথে পর্যাপ্ত সংখ্যক বোট এবং নৌজাহাজ মোতায়েন রয়েছে। সকল প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা আশা প্রকাশ করেন, সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সহযোগিতায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষ যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।