কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নে সরকারি খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ শুধু বেআইনি নয়, বরং এলাকার পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি। খাল দখলের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ ও প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভিপি) জাকির হোসেন বলেন, “জনগণের সম্পদ কেউ ব্যক্তিগত স্বার্থে দখল করতে পারে না। সরকারি খাল জনগণের, কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। অবৈধ স্থাপনা যেই করুক না কেন, টিকে থাকতে দেওয়া হবে না।”
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, “সরকারি খাস জমি বা খাল দখল আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় দীর্ঘদিন ধরে এলাকায় খাল দখলের প্রবণতা বেড়ে গেছে। তারা আশা করছেন, এবার কার্যকর পদক্ষেপের মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে উদাহরণ সৃষ্টি করা হবে।