দোষারোপের সংস্কৃতি ছেড়ে, সংবেদনশীল সমাজ গড়ার আহ্বান ফাওজুল কবির খান-এর

দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে দায় চাপানোর মানসিকতা পরিহার করে পারস্পরিক বোঝাপড়া ও দায়িত্বশীল আচরণ জরুরি। বিশ্বসাহিত্য কেন্দ্রে তাঁর রচিত ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম।

আলোচকরা লেখক হিসেবে ফাওজুল কবির খানের ব্যতিক্রমী গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা, ভাষার প্রাঞ্জলতা ও বিষয়বৈচিত্র্যের প্রশংসা করেন। তাঁরা বলেন, বইটিতে বাংলাদেশের সমাজ ও রাজনীতির ঐতিহাসিক বিকাশ, কাঠামোগত পরিবর্তন এবং সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা সহজ ভাষায় বিশ্লেষণ করা হয়েছে।

বইটির বিষয়বস্তু নিয়ে আলোচকরা জানান, এতে মানুষের কল্যাণে শুভাকাঙ্ক্ষা ও পথনির্দেশনা স্পষ্টভাবে উঠে এসেছে। সমাজের নানা অসঙ্গতি বাস্তবসম্মতভাবে তুলে ধরার পাশাপাশি লেখকের পাণ্ডিত্য ও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি বইটিকে আলাদা মাত্রা দিয়েছে।

আলোচকরা আরও বলেন, বাংলাদেশের সমাজ ও রাজনীতির গভীর ও বহুমাত্রিক বিশ্লেষণ গবেষক, শিক্ষার্থী এবং নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। হৃদয়গ্রাহী ভাষা ও সহজ উপস্থাপনার কারণে বইটি সাধারণ পাঠকের কাছেও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *