শিল্পখাতের চাহিদা মেটাতে ১৩ শিল্প দক্ষতা পরিষদে এনএসডিএ’র সরঞ্জাম সহায়তা

শিল্পখাতের বাস্তব চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সংযোগ জোরদার করতে দেশের ১৩টি শিল্প দক্ষতা পরিষদকে (আইএসসি) অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম সহায়তা দিয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। এসব সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

বুধবার ঢাকার আগারগাঁওয়ে এনএসডিএ’র সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প দক্ষতা পরিষদগুলোর প্রতিনিধিদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিল্পখাতের সরাসরি অংশগ্রহণ ছাড়া দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে শ্রমবাজারমুখী করা সম্ভব নয়। এ ক্ষেত্রে শিল্প দক্ষতা পরিষদগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি জানান, আইএসসিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়লে শিল্পখাতের প্রকৃত চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি, প্রশিক্ষণের মান উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি সহজ হবে।

সভাপতির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, শিল্প-সংযোগভিত্তিক একটি সমন্বিত ও টেকসই জাতীয় দক্ষতা উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে এনএসডিএ কাজ করে যাচ্ছে। শিল্প দক্ষতা পরিষদগুলোকে প্রয়োজনীয় অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম দেওয়ার ফলে তাদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এতে সেক্টরভিত্তিক দক্ষতা মানদণ্ড প্রণয়ন, কারিকুলাম উন্নয়ন এবং শিল্পঘনিষ্ঠ প্রশিক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে ১৩টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিদের পাশাপাশি এনএসডিএ’র সদস্য, পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *