চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা

দেশের বন্দর ব্যবস্থাপনা নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ বর্তমান সরকার করবে না বলে আশ্বস্ত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বন্দর বা দেশের জন্য যেটি কল্যাণকর, নৌপরিবহন মন্ত্রণালয় সেটিকেই সমর্থন করবে।

আজ নৌপরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম বন্দরকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে উপদেষ্টা জানান, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাজ করছে। তিনি সবাইকে দেশের স্বার্থে বন্দর সচল রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বন্দরে উদ্ভূত পরিস্থিতির ফলে দেশের সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তবে দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত সরকার বাস্তবায়ন করবে না—এ বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

রমজান মাসকে সামনে রেখে কিছু ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুত করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নৌপরিবহন উপদেষ্টা। তিনি জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে।

দোষীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সরকারের পক্ষ থেকে এ ধরনের তৎপরতার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে স্পষ্ট করেন নৌপরিবহন উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *