নারী দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে NSDA–GIZ সহযোগিতা আরও জোরদার

বাংলাদেশে নারী দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড (GIZ) বাংলাদেশের চলমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।

এ উপলক্ষে জিআইজেড বাংলাদেশের নারী কর্মীদের দক্ষতা প্রশিক্ষণ ও কর্মসংস্থান উন্নয়ন প্রকল্প ADVANTAGE-এর প্রধান সোনজা কাব্বাশি-আন্দেলকোভিচ সৌজন্য সাক্ষাৎ করেন NSDA-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরীর সঙ্গে। বৈঠকে NSDA-এর সদস্য ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় নারী অংশগ্রহণ বাড়াতে দক্ষতা উন্নয়ন কর্মসূচি, লিঙ্গ-সমতাভিত্তিক প্রশিক্ষণ উদ্যোগ, বিভিন্ন খাতে নারী কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং ভবিষ্যৎ যৌথ কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত কথা হয়।

বৈঠকে জানানো হয়, NSDA-এর নেতৃত্বে এবং জিআইজেড বাংলাদেশের কারিগরি সহায়তায় সম্প্রতি সফলভাবে আয়োজন করা হয় HERizon Fest 2025: Celebrating Women, Skills and Employment। এই আয়োজনের মাধ্যমে নারী ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে দেশের জাতীয় উদ্যোগগুলো তুলে ধরা হয়।

উভয় পক্ষ আশা প্রকাশ করে, NSDA ও GIZ-এর এই সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি নারী দক্ষতা প্রশিক্ষণ পাবে এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক দক্ষতা ও কর্মশক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *