জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের। তিনি বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের প্রতিনিধি সুমন অধিকারী বলেন, নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্যে ভেজাল রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।