রমজান উপলক্ষে সরকারি ভ্রাম্যমাণ বাজারে সুলভে দুধ, ডিম, মাংস ও ব্রয়লার বিক্রি

আসন্ন রমজান মাসে সাধারণ মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সরকারিভাবে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রণালয়ের উদ্যোগে রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি হবে। বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে—ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা।

সভায় জানানো হয়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরে অন্যান্য জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে এসব পণ্য বিক্রির ব্যবস্থা করবেন।

ঢাকায় প্রাথমিকভাবে ২৫টি স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু হবে। এসব স্থানের মধ্যে রয়েছে—সচিবালয়ের পাশে, ফার্মগেট, মিরপুর, আজিমপুর, নয়াবাজার, উত্তরা, রামপুরা, হাজারীবাগ, আরামবাগ, কালশী, মানিক নগর, শাহজাদপুর, বনানী, খিলগাঁও, নাখালপাড়া, সেগুনবাগিচা, মোহাম্মদপুর, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও ও পুরান ঢাকা (বঙ্গবাজার)।

স্থানীয় উদ্যোক্তা ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে বিক্রয় কেন্দ্রের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে, যাতে সাধারণ মানুষ সহজে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম, মাংস ও ব্রয়লার মুরগি ক্রয় করতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *