পটুয়াখালীর পর্যটননগরী কুয়াকাটা সৈকত সংলগ্ন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগের প্রেক্ষিতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগ যাচাই করতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
দুদক সূত্র জানায়, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সংলগ্ন জিরো পয়েন্ট থেকে ধোলাই মার্কেট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। অভিযানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর মধ্যে অভিযোগে উল্লিখিত প্রায় ৫ কিলোমিটার সড়কের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি প্রায় ৫ কিলোমিটার সড়কের নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে।
অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সড়কের বিভিন্ন কারিগরি দিক সরেজমিনে পরিদর্শন করে। এ সময় অভিযোগ সংশ্লিষ্ট সড়কের দৈর্ঘ্য, প্রস্থ, মেকাডাম স্তর এবং কার্পেটিংয়ের পুরুত্ব পরিমাপ করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্রও সংগ্রহ করা হয়।
দুদক কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন।
স্থানীয়দের মতে, কুয়াকাটা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হওয়ায় সড়ক নির্মাণে গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।