নির্যাতিত শিশু মোহনার খোঁজ নিলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  নির্যাতিত শিশু মোহনার (১১) খোঁজখবর নিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৪ঠা ফেব্রুয়ারী) তিনি হাসপাতালে উপস্থিত হয়ে মোহনার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় মোহনার চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি না রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন উপদেষ্টা।

হাসপাতাল পরিদর্শনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ড. হুমায়রা সুলতানা, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশেই তিনি মোহনার খোঁজ নিতে হাসপাতালে এসেছেন। তিনি মোহনাকে আশ্বস্ত করে বলেন, সরকার তার পাশে আছে।

এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ফোনে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে কথা বলেন এবং মোহনার শারীরিক কুশলাদি সম্পর্কে খোঁজ নেন।

শেখ বশিরউদ্দীন বলেন, “একটি শিশুর প্রতি এমন নিষ্ঠুরতা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। দুনিয়া ও আখিরাতে এমন নিষ্ঠুর ব্যক্তিদের শাস্তি পেতে হবে।” তিনি মোহনার বাবা মোস্তফাকে একটি চাকরিতে নিয়োগ দেওয়ার আশ্বাসও দেন।

উল্লেখ্য, শারীরিক নির্যাতনের শিকার মোহনাকে গত ৩১ জানুয়ারি গুরুতর অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানকে গত ২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে মোহনার চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণে চলছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *