গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও গুরুতর দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গতকাল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. সাইফুজ্জামান ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত থাকাকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য ‘রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প’-এর মূলধন অংশের অনাবাসিক ভবন খাতে (W-1 প্যাকেজ) গুরুতর অনিয়ম করেন। ডিপিপি (DPP), আরডিপিপি (RDPP) বা HOPE-এর কোনো অনুমোদন ছাড়াই তিনি একটি প্যাকেজকে বিধি-বহির্ভূতভাবে আটটি প্যাকেজে ভাগ করেন এবং ই-জিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করে মোট ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখান।

তদন্তে দেখা গেছে, বিভাজিত ওই আটটি প্যাকেজের কাজের বিপরীতে বাস্তবে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকল্পের মূল ঠিকাদার ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (NDEL) ছাড়াও অন্য আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬৩১ দশমিক ৯৭ লাখ টাকা ব্যয় দেখানো হয় এবং কাজ না করেই বিল পরিশোধ করা হয়।

প্রজ্ঞাপনে এই কর্মকাণ্ডকে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে মো. সাইফুজ্জামান লালমনিরহাট গণপূর্ত বিভাগে চলতি দায়িত্বে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এ ঘটনায় গণপূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *