রোহিঙ্গা সংকটে ডব্লিউএফপির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সঙ্গে দীর্ঘদিনের মানবিক অংশীদারত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স।

বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে ডব্লিউএফপির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সিমোন লসন পার্চমেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশে চলমান মানবিক সহায়তা কার্যক্রম, বিশেষ করে রোহিঙ্গা সংকট বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

সাক্ষাতে ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়, দেশটি প্রতি বছরই বাংলাদেশে মানবিক সহায়তায় ধারাবাহিকভাবে অবদান রেখে আসছে। রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তা দিতে ডব্লিউএফপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ফ্রান্স।

এ সহায়তার অংশ হিসেবে ফ্রান্স ‘গ্রেইন ফ্রম ইউক্রেন’ উদ্যোগেও অবদান রাখছে। এই উদ্যোগের মাধ্যমে ইউক্রেনের খাদ্যশস্য রোহিঙ্গা শিবিরে থাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে।

ফরাসি রাষ্ট্রদূত বলেন, সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ফ্রান্সের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি। তিনি ডব্লিউএফপিকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জোরদার এবং প্রয়োজনভিত্তিক, নিরপেক্ষ মানবিক সহায়তা পৌঁছে দিতে ফ্রান্স ভবিষ্যতেও ডব্লিউএফপির সঙ্গে কাজ করে যাবে।

ডব্লিউএফপির পক্ষ থেকেও ফ্রান্সের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা জানায়, এই ধরনের আন্তর্জাতিক সহায়তা রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *