জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পরিবর্তনের স্বপ্ন নিয়েই চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে। সেই পরিবর্তনের সুযোগ এখন মানুষের সামনে এসেছে। দেশের মানুষ আজ সংস্কার ও ইনসাফভিত্তিক বাংলাদেশ চায়। তারা আর নতুন করে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ কিংবা জুলুমবাজদের দেখতে চায় না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভার পৌরসভার মাতৃ বাগান মসজিদ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, পরিবর্তন বাস্তবায়নের জন্য আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। তাহলেই প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব হবে এবং দেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত করা যাবে।
তিনি আরও বলেন, যদি আবারও ঋণখেলাপি, চাঁদাবাজ ও জুলুমবাজরাই নির্বাচিত হয়ে সংসদে যায়, তাহলে দেশের কোনো পরিবর্তন হবে না। মানুষ রক্ত দিয়ে যে গণঅভ্যুত্থান করেছে, তা এমন রাজনীতির জন্য নয়।
এনসিপির আহ্বায়ক বলেন, সব ধরনের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করা হলে বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকবে ঢাকা থেকেই এবং দেশের ভাগ্য নির্ধারণ করবে এ দেশের জনগণ। যারা দিল্লির তাবেদারি করে রাজনীতি করেছে বা নতুন করে সেই অপরাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশে তাদের আর কোনো স্থান হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জনসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াত ইসলামীর আমির দেলোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল আফজাল হোসেন, সাভার থানা এনসিপির আহ্বায়ক জুলকার নাইনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।