বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্যে মুখোমুখি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি প্রস্তাব করেছেন, একটি গণমঞ্চে জাতির সামনে উভয় পক্ষ নিজ নিজ রাজনৈতিক ইশতেহার উপস্থাপন করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দেওয়া হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এই আহ্বান জানান জামায়াত আমির। পোস্টে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক প্রক্রিয়ার বৈধতা প্রতিষ্ঠা সম্ভব নয়। ন্যায্যতা ও জন-আস্থা না থাকলে কোনো নির্বাচনী ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের পর তরুণদের কাছে রাজনীতিকে সভ্য, দায়িত্বশীল ও সংঘাতমুক্তভাবে উপস্থাপন করা রাজনৈতিক নেতৃত্বের নৈতিক দায়িত্ব। তার মতে, রাজনীতিতে সহনশীলতা ও শালীনতার চর্চা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, গণমাধ্যম ও জনগণের সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড হওয়া উচিত উন্মুক্ত সমালোচনা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা।
জামায়াত আমির বলেন, জনগণের রায়কে সম্মান করার অঙ্গীকারের মধ্য দিয়েই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হওয়া প্রয়োজন।
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।