পাটগ্রামে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের মেচেরঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল প্রায় ৪টার দিকে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মকছেদুল ইসলাম (৫৫)। তিনি জোংড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুম্মারপাড় এলাকার বাসিন্দা। তার বাবা মৃত মোশারফ হোসেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, মকছেদুল ইসলাম বিকেলে বাউরা বাজার থেকে সাইকেলযোগে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পড়ে ঘটনাস্থলেই তার মাথা পিষ্ট হয়ে মৃত্যু হয়।

খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন সড়ক দুর্ঘটনায় মকছেদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *