আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে আয়োজন করতে জাতীয় সংসদ ভবনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে সমন্বিত প্রস্তুতিমূলক কার্যক্রম এখন শেষ পর্যায়ে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, শপথ অনুষ্ঠানের সকল আনুষ্ঠানিকতা, প্রটোকল, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংসদ সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও শাখা একযোগে কাজ করছে। অনুষ্ঠানে কোনো ধরনের বিঘ্ন এড়াতে সার্বিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে সংসদ ভবনের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা কার্যক্রম, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার এবং অবকাঠামোগত প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন হয়েছে। অতিথি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতেও প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মাওলা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের নির্দেশনা দিয়েছেন। তিনি শপথ অনুষ্ঠানকে সংসদীয় গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে এর সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করার ওপর জোর দেন।
সংসদীয় গণতন্ত্রের এই তাৎপর্যপূর্ণ অধ্যায়কে মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করতে জাতীয় সংসদ সচিবালয় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।