ইশারা ভাষা করুণা নয়, এটি অধিকার—শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ইশারা ভাষা কোনো করুণা বা দান নয়। বাক ও শ্রবণ প্রতিবন্ধী নাগরিকদের জন্য এটি রাষ্ট্রের দায়িত্ব এবং একটি মৌলিক অধিকার।

বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে ঢাকায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ইশারা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়। এটি বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষের ভাষাগত পরিচয়, আত্মমর্যাদা এবং নাগরিক অধিকারের ভিত্তি। একটি কল্যাণমূলক রাষ্ট্রে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও বিচার ব্যবস্থায় সকল নাগরিকের সমান প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং গণমাধ্যমে ইশারা ভাষার ব্যবহার বাড়াতে পারলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় যুক্ত করা সম্ভব হবে। সরকারি গণমাধ্যমে ইশারা ভাষার ব্যবহার এ ক্ষেত্রে একটি ইতিবাচক উদাহরণ।

অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তরিকুল আলম (অতিরিক্ত সচিব) সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন সরকার।

অনুষ্ঠান শেষে মেধাবী বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *