ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (OHCHR)-এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি তারিখে OHCHR-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) পাঠিয়েছে। নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।
জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, OHCHR থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
এদিকে বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে, শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সরকার জানিয়েছে, তদন্ত ও বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করা হবে এবং সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, হাদি জুলাই অভ্যুত্থানের সময় সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর হত্যাকাণ্ড দেশজুড়ে উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়ার উদ্যোগকে তদন্ত প্রক্রিয়ায় আস্থা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।