বঙ্গোপসাগরে ভাসমান ২৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

 

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভেসে থাকা একটি ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার(৭ অক্টোবর) নিয়মিত টহল চলাকালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে বিপদগ্রস্ত ট্রলার ‘এমভি তাজমিনুর রহমান’ শনাক্ত করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌসদস্যরা কাছে যান এবং জেলেদের সাহায্যের সংকেত পান। পরে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সকল জেলেকে নিরাপদে জাহাজে তোলা হয়।

উদ্ধারের পর ক্ষুধার্ত ও ক্লান্ত জেলেদের নৌবাহিনীর সদস্যরা খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেন। পরে ট্রলার ও জেলেদের তীরে এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, তারা ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিলেন এবং ৩ অক্টোবর ফেরার পথে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে তারা দীর্ঘ সময় মাঝ সমুদ্রে ভেসে ছিলেন। উদ্ধারকৃত সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

আইএসপিআর জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’- এ অংশ হিসেবে নৌবাহিনী নিয়মিতভাবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম চালাচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও উপকূলীয় জনগণের সুরক্ষা নিশ্চিত করতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *