তিন দিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড (USS FITZGERALD) বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। আগমনের পর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ আন্তরিক অভ্যর্থনা জানায় সফরকারী জাহাজটিকে।
দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তারা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফর চলাকালে উভয় দেশের নৌ কর্মকর্তারা যৌথ কার্যক্রমে অংশ নেবেন এবং পেশাগত উৎকর্ষ ও প্রযুক্তিগত সক্ষমতা পর্যবেক্ষণ করবেন। এর ফলে দুই নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার হবে।
বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ২০২২ সালেও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল।
এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। জাহাজটি আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।