অলিম্পিক সলিডারিটির ২০২৫–২০২৮ চতুর্থ বার্ষিকীর আওতায় ঢাকায় প্রথমবারের মতো শুরু হলো ফেন্সিং কোচদের জন্য অলিম্পিক সলিডারিটি টেকনিক্যাল কোর্স। অলিম্পিক সলিডারিটির অর্থায়নে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ কোর্সটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিওএ মিডিয়া সেন্টারে কোর্সটির উদ্বোধন করেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের চিফ অ্যাডভাইজার লে. জে. এটিএম জহিরুল আলম (অব.)।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফেন্সিং প্রশিক্ষক ড. গুয়েনাডি টিশেলার কোর্সটি পরিচালনা করবেন। তিনি বর্তমানে আন্তর্জাতিক ফেন্সিং ফেডারেশনের (এফআইই) কোচিং কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সর্বমোট ২৫ জন কোচ এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বাংলাদেশের কোচদের দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা উন্নয়ন ও দেশে ফেন্সিং খেলার মানোন্নয়নই এ কোর্সের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে আয়োজকরা।