এনআইবি ও আইসিডিডিআরবি’র মধ্যে সমঝোতা চুক্তি, গবেষণা ও স্বাস্থ্যসেবায় নতুন সহযোগিতা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এবং আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি’র মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা, জ্ঞান বিনিময় ও স্বাস্থ্যসেবায় যৌথভাবে কাজ করার পথ খুলে গেল।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনআইবির মহাপরিচালক প্রফেসর ড. সগীর আহমেদ এবং আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন। তিনি বলেন, আইসিডিডিআরবি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান। এনআইবি’র সঙ্গে এই চুক্তির মাধ্যমে উচ্চতর গবেষণা, জ্ঞান আদান-প্রদান এবং চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর সুফল সরাসরি দেশের মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজে লাগবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব এবং এনআইবি ও আইসিডিডিআরবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সমঝোতা স্মারক অনুযায়ী, এই সহযোগিতা প্রাথমিকভাবে তিন বছরের জন্য কার্যকর থাকবে। উভয় পক্ষের সম্মতিক্রমে ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়ানো যাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *