২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ, অব্যাহতি পাচ্ছেন প্রায় পাঁচ লাখ মানুষ

বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর বড় একটি অংশ প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ এসব মামলা থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন।

সরকারি সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়, সেগুলোর একটি বড় অংশকে রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মামলা প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দুটি কমিটি গঠন করে।

এর মধ্যে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি এবং কেন্দ্রীয় পর্যায়ে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। এই আন্তঃমন্ত্রণালয় কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য আবেদন আহ্বান করে।

ভুক্তভোগী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জমা দেওয়া আবেদনের ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি ধারাবাহিকভাবে মামলাগুলো পর্যালোচনা করে। এ লক্ষ্যে কমিটি মোট ৩৯টি সভা আয়োজন করে আবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে। যাচাই-বাছাই শেষে ২৩ হাজার ৮৬৫টি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করে সেগুলো প্রত্যাহারের সুপারিশ করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলাগুলো প্রত্যাহার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। পর্যায়ক্রমে আরও আবেদন যাচাই করা হবে এবং যোগ্য মামলা থাকলে সেগুলোর ক্ষেত্রেও সুপারিশ দেওয়া হবে।

আইন বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মামলার বোঝা বহন করা অসংখ্য মানুষ আইনি হয়রানি থেকে মুক্তি পাবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *