নির্বাচনে আইনশৃঙ্খলা প্রশ্নে কোনো আপস নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি স্পষ্টভাবে বলেন, আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

রোববার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ভোটের আগে, ভোটের দিন এবং ভোট-পরবর্তী সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে। সততা, দক্ষতা ও নিরপেক্ষতাই হবে এই নির্বাচনের মূল শক্তি। ব্যালট বাক্স ছিনতাই কিংবা ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারসহ কেউই দায়মুক্তি পাবেন না বলেও তিনি সতর্ক করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারীকৃত পরিপত্র অনুযায়ী প্রয়োজনে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রের প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে। তিনি আরও বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে নির্বাচন পূর্ববর্তী চার দিন নিবিড় টহল পরিচালনার নির্দেশ দেন তিনি। বিশেষ করে চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিভিন্ন বাহিনীর সমন্বয়ে টহল জোরদারের কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম এবং বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপস ও ট্রেনিং) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া।

সভাপতির বক্তব্যে সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে। নির্বাচন সুরক্ষা অ্যাপ, বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি ও ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্বাচন নিরাপদ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় রংপুর বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিজিবির প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কারচুপির কোনো আশঙ্কা নেই। শতভাগ স্বচ্ছ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *