নির্বাচন সামনে রেখে দেশজুড়ে তথ্য মন্ত্রণালয়ের প্রচার কার্যক্রম অব্যাহত: তথ্যসচিব

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র গণভোট ও নির্বাচনী প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যসচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এ প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ তথ্য অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত হেল্প ডেস্ক, ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্থাপিত মিডিয়া সেন্টার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণভোট ও নির্বাচন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তথ্যসচিব বলেন, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃঢ় মনোবল, নিরপেক্ষতা, একাগ্রতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অপতথ্য ও যেকোনো চ্যালেঞ্জ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বিদেশি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এবারের নির্বাচনের স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে কর্মকর্তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

তথ্যসচিব জানান, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রয়োজনীয় মিডিয়া সহযোগিতা দিতে আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি মিডিয়া সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হেল্প ডেস্ক এবং রাজধানীর তথ্যভবনে একটি তথ্য সেল চালু করা হবে।

কর্মশালায় কর্মকর্তাদের করণীয় বিষয়ে প্রধান তথ্য অফিসার বলেন, বিমানবন্দরের হেল্প ডেস্ক, ইন্টারকন্টিনেন্টালের মিডিয়া সেন্টার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণভোট ও নির্বাচন সেলের কর্মকর্তারা নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঠিক তথ্য ও সেবা প্রদানে কর্মকর্তাদের দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন বলেন, বর্হিবিশ্ব যেন একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের চিত্র দেখতে পায়, সে লক্ষ্যে সবাইকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে।

যুগ্মসচিব মাহফুজা আখতার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং তথ্য অধিদফতরের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রায় ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *