তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তুরস্কের পার্লামেন্টারি সদস্যদের নিয়ে গঠিত এ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপার্সন মেহমেত আকিফ ইলমাজ ।
সাক্ষাৎকালে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় হয়।
এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করছে। এর অংশ হিসেবে তুরস্কের এই প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করল।