কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান, বিদেশি পিস্তলসহ ১৪ দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সীমান্তবর্তী পোল্ট্রিমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, বাগোয়ান কেসিভিএন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বেইজ ক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান চালায়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় শুটার গান উদ্ধার করা হয়। এছাড়া ২টি বড় রামদা, ৫টি ছোট রামদা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ভোটকেন্দ্রে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে চরাঞ্চলের একটি সন্ত্রাসী চক্র এসব অস্ত্র বহন করছিল। ড্রোন ক্যামেরায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সন্দেহজনক স্থান নির্দিষ্ট করা হয়। এরপর অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রসমূহের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সেগুলো দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে বিজিবি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

ফরিদ আহমেদ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *