নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম মৌজার চনপাড়ায় শীতলক্ষ্যা নদীর মোহনাস্থ বালু এলাকায় নির্মিত ‘শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক’-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ই ফেব্রুয়ারী) নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই ইকোপার্কের উদ্বোধন করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই প্রকল্প বাস্তবায়ন করে। সংস্থাটি জানায়, প্রথম ধাপে নদীভাঙন রোধে ব্যাংক প্রটেকশন ও কী-ওয়াল নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ সম্পন্ন করা হয়। এরপর এলাকাটিকে জনবান্ধব ও পরিবেশসম্মত করে গড়ে তুলতে বিআইডব্লিউটিএ নিজস্ব অর্থায়নে ইকোপার্কের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন উপদেষ্টা বলেন, নদী দেশের জীবন ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। নদীতীর সংরক্ষণ এবং পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা করা সম্ভব। একই সঙ্গে মানুষের জন্য নিরাপদ ও সুন্দর বিনোদনস্থল তৈরি করা যায়। চনপাড়ার এই ইকোপার্ক সেই প্রচেষ্টার একটি উদাহরণ।
তিনি আরও বলেন, নদী বন্দর এলাকার উন্নয়ন শুধু বাণিজ্যিকভাবে নয়, পরিবেশ ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে এগিয়ে নিতে সরকার কাজ করছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন নদীতীরবর্তী এলাকায় এ ধরনের পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।
উপদেষ্টা আশা প্রকাশ করেন, শহরের উপকণ্ঠে গড়ে ওঠা এই ইকোপার্ক স্থানীয় মানুষের অবকাশ যাপন ও বিনোদনের সুযোগ বাড়াবে। পাশাপাশি নদী ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।