লালমনিরহাটে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ১০৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে জেলার তিনটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়।

জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলাসহ তিনটি আসনের প্রতিটি কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে।

এবারের নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৬ জন। ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ টহল ও যৌথ মহড়া জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান ঠেকাতে বিজিবি সদস্যদের বিশেষ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এ ছাড়া চরাঞ্চল ও সীমান্তঘেঁষা এলাকার ১০৬টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে প্রশাসন সূত্র জানায়।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে।

 

সাব্বির হোসেন

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *