চট্টগ্রাম বন্দর ভবনের বোর্ড রুমে আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো (Port Single Window-CPA SKY)’–এর উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম পূর্ণাঙ্গ স্মার্ট ও পেপারলেস ব্যবস্থার দিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম.এ. মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, নতুন এই সিস্টেম চালুর ফলে বন্দরের সামগ্রিক কার্যক্রমের গতি ৩ থেকে ৫ গুণ পর্যন্ত বাড়তে পারে। এতে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো (CPA SKY)’ চালুর ফলে ব্যবহারকারীরা Single Sign-On (AIS 2.0) সুবিধার মাধ্যমে একবার লগইন করেই সব সেবা নিতে পারবেন। আলাদা আলাদা দপ্তরে ঘোরাঘুরির প্রয়োজন হবে না।
নতুন প্ল্যাটফর্মে রয়েছে রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা। ডিজিটাল রাডার ও Automated Vessel Tracker–এর মাধ্যমে জাহাজের অবস্থান সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। ফলে জাহাজ আগমন, নোঙর এবং পণ্য খালাস সংক্রান্ত তথ্য দ্রুত পাওয়া যাবে।
এছাড়া Faster Customs & Port Clearance সুবিধার মাধ্যমে আমদানিকারক ও রপ্তানিকারকরা একটি প্ল্যাটফর্ম থেকেই প্রয়োজনীয় অনুমোদন ও কার্গো ক্লিয়ারেন্স সম্পন্ন করতে পারবেন। এতে সময় কমবে, খরচ কমবে এবং প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ব্যবসা সহজীকরণ সূচকে (Ease of Doing Business) এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উদ্বোধনের দিন ড্যাশবোর্ডে দেখা যায়, বর্তমানে বন্দরের বার্থ ব্যবহার হার ৬৭ শতাংশ। মোট ২১টি বার্থের মধ্যে ১৪টি সচল রয়েছে। একই সময়ে সিস্টেমে ১২৮টি জাহাজ ট্র্যাক করা হচ্ছিল।
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, এই প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে ম্যানুয়াল কাজের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। দীর্ঘমেয়াদে এটি একটি দক্ষ, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর বন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়তা করবে।