কুমিল্লা, ৯ অক্টোবর: কুমিল্লা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর আয়োজনে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) শিক্ষাবর্ষ জানুয়ারি–অক্টোবর ২০২৫ (৪র্থ ব্যাচ) এর উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুমিল্লা পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট সনজিত কুমার সিংহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন পিটিআইয়ের সহকারী সুপারিনটেন্ডেন্ট রৌশন আরা চৌধুরী ও ফাতেমা, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কুমিল্লা সদর উপজেলার ইউপিইটিসি ইন্সট্রাক্টর উত্তম কুমার ঢালী এবং আদর্শ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রদর্শনীতে কুমিল্লা পিটিআইয়ের আওতাভুক্ত ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক স্টল সাজানো হয়, যেখানে অনুশীলন পাঠদানের উপকরণ প্রদর্শিত হয়। অনুষ্ঠানে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিদ্যালয়ের অনুশীলন পাঠদানকারী শিক্ষকবৃন্দকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে এই প্রদর্শনীর প্রশংসা করে বলেন, “শিক্ষকদের এই সৃজনশীল উদ্যোগ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি শিক্ষকবৃন্দকে নিজেদের বিদ্যালয়ে এই অভিজ্ঞতা প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে সভাপতি সনজিত কুমার সিংহ সকলকে ধন্যবাদ জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করেন।