বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ যে স্বপ্ন ও আশা নিয়ে স্বৈরাচারের বুলেট নিজের বুকে বরণ করেছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সব স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই হবে বিএনপির মূল লক্ষ্য।
শহীদ জেহাদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে ৯ অক্টোবর (বুধবার) তিনি এ কথা বলেন।
বাণীতে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অগ্রসেনানী শহীদ নাজির উদ্দিন জেহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।”
তিনি বলেন, “শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক চিরস্মরণীয় নাম। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগের ফলেই স্বৈরশাহী এরশাদের পতন ঘটে এবং দেশে সাংবিধানিক ধারাবাহিকতার সূচনা হয়।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “নব্বইয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করে গণতন্ত্রের বিজয়ে শহীদ জেহাদের অগ্রণী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্বিত। তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নেই আমাদের সংগ্রাম চলবে। তাতেই শহীদ জেহাদের আত্মা শান্তি পাবে।”