দেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এনবিআর জানায়, www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এখন করদাতারা ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন পূরণ ও দাখিল করতে পারছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ২৯ লাখ ২০ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন, যার মধ্যে ৬ লাখ ৩৫ হাজার করদাতা ইতোমধ্যে চলতি কর বছরের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।
ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনে সমস্যা হলে করদাতারা আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের নিকট আবেদন করতে পারবেন। যৌক্তিক কারণ বিবেচনা করে অনুমোদন পেলে তারা পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
করদাতাদের সুবিধার্থে এনবিআর অনলাইনে প্রশিক্ষণ কার্যক্রমও চালু রেখেছে। আগ্রহীরা https://etaxnbr.gov.bd/training/e-return লিংকে নিবন্ধন করে অংশ নিতে পারবেন। ইতোমধ্যে প্রায় ১৫ হাজার করদাতা এই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
এনবিআর জানিয়েছে, ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য করদাতারা কল সেন্টার নম্বর ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১-এ ফোন করে তাৎক্ষণিক সাহায্য পেতে পারেন। এছাড়া ওয়েবসাইটের “হেল্প ডেস্ক” অপশন থেকে লিখিতভাবে সমস্যাও জানানো যাবে।
করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে রিটার্ন দাখিলের স্বীকৃতি ও আয়কর সনদও প্রিন্ট করা যাবে।
এনবিআর দেশের সকল ব্যক্তি করদাতাকে আহ্বান জানিয়েছে—যেন তাঁরা যথাসময়ে www.etaxnbr.gov.bd পোর্টালে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য দিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করে নাগরিক দায়িত্ব পালন করেন।