মাগুরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার ‘মধুখালী-কামারখালী-মাগুরা’ রেললাইন প্রকল্পে মাঠপর্যায়ে কাজ এখন স্পষ্টভাবে দৃশ্যমান। বিশেষ করে কামারখালী এলাকায় প্রকল্পের অগ্রগতি চোখে পড়ার মতো।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভায়াডাক্টের পিলার নির্মাণকাজ শেষ হয়েছে। এখন চলছে পিলারের ওপর স্প্যান বা সেগমেন্ট বসানোর প্রস্তুতি। বড় আকারের কংক্রিট স্প্যানগুলো ইতোমধ্যে তৈরি করে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এগুলো একে একে পিলারের ওপর বসানো হলে পূর্ণাঙ্গ রূপ পাবে কামারখালী-মাগুরা রেল ভায়াডাক্ট।
এই রেললাইন প্রকল্পটি মাগুরা জেলাকে সরাসরি রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের দাবি ছিল একটি রেলসংযোগ। প্রকল্পটি বাস্তবায়িত হলে যাতায়াত সহজ হবে, পণ্য পরিবহন খরচ কমবে এবং জেলার অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
তবে প্রকল্পটি নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় কাজ পিছিয়ে যায়। ২০২৬ সাল চলমান থাকলেও এখনো পুরো প্রকল্পটি চলাচলের উপযোগী হয়নি। ফলে স্থানীয়দের মধ্যে কিছুটা হতাশা থাকলেও সাম্প্রতিক কাজের গতি নতুন করে আশাবাদ তৈরি করেছে।
কাজের বর্তমান অগ্রগতি অব্যাহত থাকলে খুব শিগগিরই মাগুরার রামনগর রেল স্টেশনে ট্রেন চলাচল শুরু হতে পারে—এমনটাই আশা সংশ্লিষ্টদের। তখন বহু প্রতীক্ষার অবসান ঘটবে, আর বাঁশির শব্দে মুখরিত হবে মাগুরা।