ভিয়েতনামে বক্স অফিসে শীর্ষে চীনা অ্যানিমেশন ‘নোবডি’

ভিয়েতনামের চলচ্চিত্র বাজারে দারুণ সাড়া ফেলেছে চীনা অ্যানিমেশন চলচ্চিত্র ‘নোবডি’। গত ২৩ জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকে টানা দুই সপ্তাহ ধরে দেশটির বক্স অফিসে শীর্ষস্থান ধরে রেখেছে সিনেমাটি।

ভিয়েতনামের চলচ্চিত্র বিষয়ক একটি ডেটা প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ছবিটি ৩৩ বিলিয়ন ভিয়েতনামি ডং আয় করেছে। যা মার্কিন মুদ্রায় প্রায় ১২ লাখ ৮০ হাজার ডলারের সমান। মুক্তির প্রথম সপ্তাহেই ১ লাখ ৫২ হাজার দর্শক সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন।

বিশেষ করে ভিয়েতনামের তরুণদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেক দর্শকের মতে, ছবির গল্প হৃদয়ছোঁয়া এবং বাস্তব জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। চরিত্রগুলোর আবেগ, সংগ্রাম এবং ইতিবাচক বার্তা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলছে।

সিনেমাটি নির্মিত হয়েছে চীনের ধ্রুপদী উপন্যাস ‘জার্নি টু দ্য ওয়েস্ট’-এর পটভূমিতে। তবে গল্পটি উপস্থাপন করা হয়েছে আধুনিক ব্যাখ্যা ও অ্যানিমেশনের নতুন আঙ্গিকে। দর্শকদের ভাষ্য, ছবিটি অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম এবং মানুষের ভেতরের শুভবোধ জাগিয়ে তোলার বার্তা দেয়।

বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি গল্প ও নির্মাণশৈলীর কারণে ‘নোবডি’ এখন ভিয়েতনামের সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, এ ধারা অব্যাহত থাকলে ছবিটি আরও বড় অঙ্কের আয় করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *