লালমনিরহাটের তিন আসনেই বিএনপির জয়

লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মনোনীত প্রার্থীরা।

নির্বাচনী ফলাফলে দেখা গেছে, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে বিএনপির ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ৯২ হাজার ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু পেয়েছেন ৮৫ হাজার ৪৮৯ ভোট। এই আসনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাডি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত ৭ হাজার ৩০৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন হাসান রাজিব প্রধান।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বিএনপির রোকন উদ্দিন বাবুল ১ লাখ ২৩ হাজার ৩৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২৩৬ ভোট। এখানে বিজয়ী ও রানারআপের ভোটের ব্যবধান ৭ হাজার ১০৭।

অন্যদিকে, লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপির আসাদুল হাবিব দুলু বড় ব্যবধানে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ১০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট আবু তাহের পেয়েছেন ৫৫ হাজার ৩৮৭ ভোট। এই আসনে ব্যবধান দাঁড়িয়েছে ৮৪ হাজার ৭১৮ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, ভোট গণনা শেষে এসব ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। জেলায় ভোট-পরবর্তী পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে।

এই নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনেই বিএনপির ধারাবাহিক সাফল্য দলটির সাংগঠনিক শক্তির ইঙ্গিত দিচ্ছে। তবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই ফলাফল চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

 

সাব্বির হোসেন

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *