ভাষার মাস ফাল্গুন উদযাপন উপলক্ষে ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের উদ্যোগে একটি প্রভাতফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শিরোনাম ছিল— “ভাষার মাস ফাল্গুন উদযাপন এবং বাংলা ভাষা ও বাংলা সন-তারিখ সর্বস্তরে প্রচলনের প্রচারাভিযানে ভূমিকা”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যব্যক্তিত্ব অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবু। সঞ্চালনা করেন ডা. মআআ মুক্তাদীর। আলোচনা সভায় বক্তব্য দেন কবি গোলাম মোস্তফা তাপোস, লেখক মো. খাইরুল আলম, তাহমিদা খাতুন এনা, ফারহানা ওয়াহেদ তুনা, কবি মতিয়ারা চৌধুরী মিনু, লেখিকা কমল লতা নূর, কবি ইছমীন শশী, কবি সায়মা খাতুন রিভা, রিয়াদ মাহমুদ খান ও রিয়াদ হোসেনসহ আরও অনেকে।
আলোচকরা বলেন, ফাল্গুন মাস বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। পহেলা ফাল্গুনে বইমেলা আয়োজন, ৮ ফাল্গুন তথা ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রভাতফেরি পালন এবং বাংলা ভাষা ও বাংলা সন-তারিখের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার ওপর তারা গুরুত্বারোপ করেন।
বক্তারা ভাষা আন্দোলনের স্বপ্ন ও স্মৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ ঘোষিত ১১ দফা প্রস্তাবনা বাস্তবায়নে সকল বাংলা ভাষাপ্রেমীর সক্রিয় ভূমিকা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে পহেলা ফাল্গুনকে ভাষার মাসের সূচনা দিন হিসেবে উল্লেখ করে উপস্থিত সবাইকে ভাষার মাস ফাল্গুনের শুভেচ্ছা জানানো হয়।