পবিত্র মাহে  রমজান শুরু

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে সারা দেশে রমজান মাস গণনা শুরু হবে।

আজ ইসলামিক ফাউন্ডেশন-এর সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভায় জানানো হয়, এ হিসাবে আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর উদ্‌যাপিত হবে। মুসলমানরা এ রাতে বিশেষ ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি পালন করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন-এর মহাপরিচালক আ. ছালাম খান, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছাদেক আহমদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, ঢাকা আলিয়া মাদ্রাসা-এর প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক, মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি এবং জামেয়া মাহমুদিয়া-এর প্রধান মুফতি রেজাউল কারীম আবরারসহ কমিটির সদস্যরা।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার থেকে মুসলমানরা সিয়াম সাধনা শুরু করবেন। সারাদেশে মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায় করা হবে এবং ধর্মপ্রাণ মানুষ রমজানের আমল-ইবাদতে মনোনিবেশ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *